দেশজুড়ে

সাবেক এমপি তানভীর ইমামকে গ্রেফতার দেখানোর আদেশ

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি তানভীর ইমামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। বুধবার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন তানভীর ইমামকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদেনর শুনানি হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ‘তানভীর ইমামের বিরুদ্ধে ভুক্তভোগী আব্দুল জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলির নির্দেশ প্রদান ও আর্থিক সহায়তা করার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তানভীর ইমামকে গ্রেফতার করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় ১৪ জুলাই তাকে গুলশান থানার আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন।

Advertisement

ওই মামলায় বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহাজাদপুর কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর ভুক্তভোগী জব্বার আলী বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

এম এ মালেক/কেজে/জেআইএম