জাতীয়

ইউএস-বাংলার পরিকল্পনায় বোয়িং দেখে আনন্দিত বোয়িং ভাইস প্রেসিডেন্ট

‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভবিষ্যৎ পরিকল্পনায় বোয়িং ব্র্যান্ডকে দেখে আমি আনন্দিত। আজকের দিনটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী বোয়িং উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধির পরবর্তী ধাপে প্রবেশ করছে।’

Advertisement

বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বোয়িং’ অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মার্কিন মহাকাশ ও বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ।

অনুষ্ঠানে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও পড়ুন ১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, নতুন বহরে থাকবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে।

Advertisement

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, ইউএস-বাংলার এই সিদ্ধান্ত বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যতের প্রতি এয়ারলাইন্সটির আস্থা এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। ইউএস-বাংলা এয়ারলাইন্স দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে। নতুন উড়োজাহাজগুলো অধিক জ্বালানি দক্ষতা, পরিচালনাগত নির্ভরযোগ্যতা এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিত করে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজগুলো আপনাদের যাত্রার অংশ হতে পেরে আমরা সম্মানিত। আমাদের পণ্য ও প্রতিষ্ঠানের প্রতি আপনাদের আস্থার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং আপনাদের ভবিষ্যৎ সাফল্যের অংশীদার হতে আগ্রহী।’

এমএমএ/এমএএইচ/

Advertisement