আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হলেন ট্রাম্পের মনোনীত জে ক্লেটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী জে ক্লেটনকে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স-ডিএনআই) হিসেবে অনুমোদন দিয়েছে সিনেট। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ভোটাভুটিতে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার জোরে ৫১-৪৭ ভোটে তিনি অনুমোদন পান।

Advertisement

বিবিসি প্রকাশিত তথ্য মতে, জে ক্লেটন এর আগে ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে ব্যাপক জনবল সংকোচনের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন ক্লেটন। সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে ধারাবাহিক ছাঁটাইয়ের ফলে সংস্থাটির কর্মিসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ক্লেটনের নিয়োগকে ঘিরে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন গোয়েন্দা সংস্থাগুলোকে দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।

সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নার জানান, ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে ক্লেটনকে চেনার কারণে শুরুতে তিনি আশাবাদী ছিলেন। তবে, রাজনৈতিক চাপের মুখে ক্লেটন স্বাধীন অবস্থান বজায় রাখতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওয়ার্নার।

Advertisement

অন্যদিকে, সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান টম কটন ক্লেটনের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মার্কিন অ্যাটর্নি হিসেবে তিনি গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধীদের বিচারের আওতায় এনেছেন।

এদিকে, ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুলটে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, জুনে দায়িত্ব নেওয়ার পর তিনি পঞ্চম দফার কর্মী ছাঁটাই সম্পন্ন করেছেন। তবে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে বা অন্য সংস্থায় স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি। তার দাবি, কয়েক সপ্তাহ আগের তুলনায় সংস্থার কর্মিসংখ্যা প্রায় ৩০ শতাংশ কমানো হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে প্রায় দুই হাজার কর্মী ছিল। সাবেক ডিএনআই তুলসি গ্যাবার্ড কর্মিসংখ্যা প্রায় ৪০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছিলেন। সাবেক কর্মকর্তাদের ধারণা, সাম্প্রতিক ছাঁটাইয়ের ফলে বর্তমানে কর্মিসংখ্যা প্রায় এক হাজারে নেমে এসেছে।

হোয়াইট হাউস ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সিনেটর ওয়ার্নারের কার্যালয়ের অভিযোগ, কর্মী ছাঁটাইয়ের প্রকৃত তথ্য বা এর যৌক্তিকতা সম্পর্কে কংগ্রেসকে এখনো পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি।

Advertisement

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় গোয়েন্দা পরিচালকের (ডিএনআই) পদ সৃষ্টি করা হয়।

কেএম