স্বাস্থ্য

ডেঙ্গুতে সাত মাসে ৫০ মৃত্যু, জুলাইতেই ৩২

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। যার মধ্যে জুলাইয়ের ২৮ দিনেই মারা গেছেন ৩২ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৬৯০ জনে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন ডেঙ্গুরোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৮৮ জন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন ডেঙ্গু: জুলাইয়ের ২৬ দিনেই জুনের দ্বিগুণ মৃত্যু, অর্ধেক ঢাকায়

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মোতাবেক, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। এখন পর্যন্ত মোট মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৩২ জনই মারা গেছেন চলতি জুলাইয়ে। এর আগে জুনে ১৩ জন, মে মাসে ১ জন, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে একজন করে মারা যান।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোট মারা যাওয়া ৫০ জনের মধ্যে নারী ৬০ শতাংশ এবং পুরুষ ৪০ শতাংশ।

ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ৬ জন, বরিশালে ৬ জন, চট্টগ্রামে ৫ জন, সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ১ জন, খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ১ জন ও রংপুরে ১ জন মারা গেছেন।

এমকেআর

Advertisement