দেশজুড়ে

বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষে উত্তেজনা, র‍্যাব-পুলিশ মোতায়েন

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৯ জুলাই) দুপুর থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। এর জের ধরে ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন বলে অভিযোগ ওঠে। হামলার সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার গাড়িচালক আদনানসহ হুমায়ুন, সোহেল ও ইমন নামের আরও চারজন। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন টিপু।

অন্যদিকে, একই দিনের ভোরে আলমগীর সিদ্দিকী গ্রুপের সদস্য হানিফ আহত হন। এ ঘটনার জন্য সিদ্দিকী গ্রুপ টিপু গ্রুপকে দায়ী করলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন থমথমে কোম্পানীগঞ্জে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন

সংঘর্ষ ও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় বুধবার দুপুরের পর থেকেই পৌর সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর সদরের জিরো পয়েন্ট, কলেজ রোড, ছাগলনাইয়া-ফেনী সড়ক এবং ছাগলনাইয়া-শুভপুর সড়কসহ বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহরজুড়ে শুরু হয় তল্লাশি ও টহল। বিকেল পাঁচটার দিকে কলেজ রোড এলাকায় আলমগীর সিদ্দিকী গ্রুপের কয়েকজন সমর্থক জড়ো হওয়ার চেষ্টা করলে র‍্যাব ও পুলিশের বাধার মুখে তারা সরে যান।

Advertisement

এ সময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহেরের সঙ্গে ছাত্রদল নেতা নাদিম উদ্দিন ও তার এক সহযোগীর বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, দুই পক্ষের কর্মসূচি ও পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে জন্য পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/জেআইএম

Advertisement