জাতীয়

বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

Advertisement

বুধবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ক্যান্টনমেন্ট থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন মোহাম্মদপুরে বাদশা হত্যায় অস্ত্র সরবরাহকারী লেদু গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, জানা যায় পার্টি করার সময় অস্ত্রটি দেখানোর এক পর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হয়। এছাড়া, আটকরা দীর্ঘদিন ধরে অস্ত্রটি ব্যবহার করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

Advertisement

এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় নিয়মিত মামলা হয়েছে এবং আটকদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ