চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
Advertisement
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন মোরশেদ। এ সময় একটি শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে সামনে এগিয়ে আসছিল। ট্রেনের চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিও ধারণে ব্যস্ত থাকায় তারা তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনটি কাছে চলে এলে মোরশেদ সরে যেতে না পেরে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন বাঁশখালীতে র্যাবের অভিযানে ৯৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটকপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ বলেন, ট্রেনের চালক একাধিকবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু রেললাইন থেকে সরে না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, আহত যুবকের দুই পা এবং এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এমআরএএইচ/এএমএ
Advertisement