পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদকে প্রথম টেস্টে ব্যাটারদের আউট করার পর আগ্রাসী উদযাপনের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এছাড়া খুররম শাহজাদকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে, আর মোহাম্মদ আব্বাসকে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক তিরস্কার।
Advertisement
ত্রিনিদাদের তারুবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই ঘটনা ঘটে। আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমান করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।
ম্যাচ রেফারি জেফ ক্রো প্রস্তাবিত শাস্তি দুই খেলোয়াড়ই মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি ছিল আব্বাস ও শাহজাদের প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা করলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এরপর নির্দিষ্ট সংখ্যক সাসপেনশন পয়েন্টের ভিত্তিতে তাকে এক বা একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তাই আপাতত বড় ধরনের শাস্তি না পেলেও ভবিষ্যতে আচরণে সতর্ক থাকতে হবে পাকিস্তানের এই দুই পেসারকে।
Advertisement
এদিকে মাঠের লড়াইয়ে প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার দিনের মধ্যেই পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ক্যারিবীয়রা। দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২ আগস্ট। পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যা চলবে ৬ আগস্ট পর্যন্ত।
আইএইচএস/এএমএ