দেশজুড়ে

বাগেরহাট জেলা আইনজীবী সমিতি সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

বার্ষিক নির্বাচনে ৯টি সম্পাদকীয় এবং ৮টি নির্বাহী সদস্য মোট ১৭টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনও ভোট গণনা চলছে।

অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ লাল, সহসম্পাদক অর্থ ও হিসাব বিষয়ক পদে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

Advertisement

আরও পড়ুন শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও পোস্ট, যুবক গ্রেফতার

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণভাবে এবার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে সব প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত আমরা ৬টি পদের ফলাফল ঘোষণা করেছি। গণনা চলছে, গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল জানানো হবে।

বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসা. মেহেরুন্নেচ্ছা।

নাহিদ ফরাজী/এনএইচআর

Advertisement