বাংলাদেশের পরিবর্তনে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
Advertisement
তিনি বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশের শ্রমিক। শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ হলে তাদের পরাজিত করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত শ্রমিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, এখন বাংলাদেশের গুরুত্ব দুনিয়ার কাছে বেড়ে গেছে। ২০ কোটি মানুষের এই দেশে সাড়ে সাত কোটি শ্রমিক। এই শ্রমিক শ্রেণিই বাংলাদেশের রাজনীতিতে আগামীতে দিকনির্দেশনা দেবে।
Advertisement
তিনি বলেন, আমি গল্প আকারে উন্মাদনা তৈরি করার জন্য বলছি না। আমি প্রতিটা ইনফরমেশন আমার পক্ষে যতটুকু গ্রহণযোগ্য, আমাদের করা বিবেচনা হয়, মিথ্যা তথ্যের ওপর কোনো নির্মাণ হয় না। সঠিক তথ্যের ওপরেই একটা শক্তিশালী সৌধ নির্মিত হবে।
বাংলাদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, এশিয়ায় এখন ৮০ ভাগ জ্বালানির চাহিদা রয়েছে। প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে জীবাশ্ম জ্বালানির চাহিদা এখন এশিয়ায়। এশিয়ায় জ্বালানি সরবরাহ ও পরিবহনের ক্ষেত্রে বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ গেটওয়ে হয়ে উঠছে। ফলে বিশ্বের কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সরাসরি বন্ধুত্ব করতে চায় রাশিয়া, চীন, আমেরিকা ও ইউরোপ। মুসলিম বিশ্বের ইরান, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ সবাই পৃথকভাবে এই ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে চায়।
শিমুল বিশ্বাস বলেন, আপনার পণ্য যখন আপনি হাটে নিয়ে যান, কেউ দাম না করলে ফেলে আসতে হয়। যখন আপনার পণ্যের দাম করে, তখন আপনার বার্গেনিং ক্যাপাসিটি বেড়ে যায়। বাংলাদেশের এখন গুরুত্ব দুনিয়ার কাছে বেড়ে গেছে।
Advertisement
শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়ে তিনি বলেন, এই সরকারের কাছ থেকে আমরা কতটুকু দাবি আদায় করতে পারবো, যেটুকু পারবো সেটুকু আলহামদুলিল্লাহ। যেটুকু পারবো না, সেটুকু আদায়ের জন্য লড়াইয়ে ঐক্যবদ্ধ হলে আমরা লড়াই করে আদায় করতে পারবো।
আরও পড়ুন আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিনশ্রমিকদের দীর্ঘ কর্মঘণ্টার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আট ঘণ্টা পরিশ্রম করে বাংলাদেশের কুলি-মজুর আর শ্রমিকের সংসার চলে না। ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা কাজ করে। এমনকি যারা শিক্ষিত পেশাজীবী, সাংবাদিক ভাইয়েরাও আট ঘণ্টা না, অনেক বেশি পরিশ্রম করেন। এই পরিশ্রমে সম্মিলিত একটা ফল কি আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, তার জীবনের সাড়ে তিন বছর ফ্যাসিবাদের কারাগারে কেটেছে। ৪৬ দিন একটানা পুলিশি জিজ্ঞাসাবাদ ও যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদের মধ্যেও তিনি শ্রমিক, গণতন্ত্র ও জনগণের পক্ষে কথা বলার সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন।
তিনি বলেন, এখন আমি জাতীয় সংসদের সদস্য, একটা দল কর্তৃক মনোনীত। কিন্তু এখনো পর্যন্ত আমার মুখ থেকে যা কথা বের হয়, তার ৮০ ভাগ বাংলাদেশের ভাগ্যহত শ্রমিক শ্রেণির পক্ষে।
শিমুল বিশ্বাস বলেন, কোনো ব্যক্তিগত লাভের জন্য তারা কাজ করছেন না। একজন নেতার কাজ হচ্ছে বাস্তবতা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশের সব শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, লেফট-রাইট সবাই আমরা এখানে আছি। সবাইকে আমরা ধারণ করবো এবং দেশকে গণতন্ত্রায়নের পক্ষে, শোষণের যন্ত্রণার বিরুদ্ধে, আমাদের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশের শ্রমিক—তাদের নিয়ে আমরা এগিয়ে যাবো।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক বাচ্চু ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিলস্-এর নির্বাহী সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার লিমাসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।
কেএইচ/বিএ