ফিচার

জুমার পর জিলাপি ও বিকেলে ফুটবল, শৈশবের উচ্ছ্বাসে ভরা দিন

সপ্তাহজুড়ে কাজের ব্যস্ততা, সংসারের টানাপোড়েন আর জীবিকার সংগ্রামের মাঝেও গ্রামের মানুষের কাছে শুক্রবার যেন এক টুকরো স্বস্তি ও আনন্দের নাম। দিনটি শুধু সাপ্তাহিক ছুটি নয়, বরং পরিবার, ধর্মীয় অনুশাসন এবং শৈশবের উচ্ছ্বাসে ভরা এক বিশেষ দিন।

Advertisement

শুক্রবার ভোরেই গ্রামের অনেক পুরুষকে দেখা যায় বাজারমুখী হতে। উদ্দেশ্য একটাই সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করা। বেশিরভাগের হাতেই থাকে একটি মুরগি। এদিন মুরগির দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাজার শেষে মুরগি নিয়ে বাড়ি ফিরলে পরিবারের সদস্যদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েন গৃহিণীরা। নিজেদের কথা নয়, তাদের চিন্তা থাকে সন্তানদের পছন্দের খাবার নিয়ে।

শিশুরা ক্রিকেট ব্যাট হাতে মাঠে ছুটে যায়, কেউ ফুটবল নিয়ে বন্ধুদের সঙ্গে জমিয়ে খেলে

শুক্রবার সবচেয়ে বেশি আনন্দের দিন শিশু-কিশোরদের জন্য। সকালে ঘুম থেকে উঠেই প্রাইভেট বা স্কুলে ছুটতে হয় না। সপ্তাহের অন্য দিনের বাঁধাধরা নিয়মের বাইরে এই দিনটিই তাদের স্বাধীনতার দিন। কেউ ক্রিকেট ব্যাট হাতে মাঠে ছুটে যায়, কেউ ফুটবল নিয়ে বন্ধুদের সঙ্গে জমিয়ে খেলে। গ্রামের খোলা মাঠ, কাঁচা রাস্তা আর সবুজের মাঝে সারাদিন যেন উৎসবের আবহ বিরাজ করে।

Advertisement

আরও পড়ুন গ্রামবাংলার ঐতিহ্য হারিকেন-কুপিবাতির অতীত

খেলাধুলার ফাঁকে যখন জুমার আজান ভেসে আসে, তখন মাঠ থেকে বাড়ির পথে ছুটে চলে শিশুরা। দ্রুত গোসল সেরে কেউ বাবার হাত ধরে, কেউ আবার বন্ধুদের সঙ্গে মসজিদে যায়। জুমার নামাজকে ঘিরে তাদের আলাদা এক আনন্দ থাকে।

মসজিদে ঢুকেই অনেক শিশুর চোখ চলে যায় এক কোণে আজ কি খিচুড়ি বা জিলাপির ব্যবস্থা আছে? গ্রামের অসংখ্য শিশুর কাছে মসজিদের খিচুড়ি কিংবা জিলাপির স্বাদ পৃথিবীর সেরা খাবারের মতো। থাকলে আনন্দের সীমা থাকে না। ফরজ নামাজ শেষে সুন্নতও আদায় করে তারা। আর না থাকলে ফরজ নামাজ শেষ করেই শুরু হয় দৌড়ঝাঁপ।

গ্রামের খোলা মাঠ, কাঁচা রাস্তা আর সবুজের মাঝে সারাদিন যেন উৎসবের আবহ বিরাজ করে

শুক্রবারের বিকেলটাও কাটে বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলা আর পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর মধ্য দিয়ে। সন্ধ্যা নামলে গ্রামের চায়ের দোকানগুলো জমে ওঠে। কেউ রাজনীতি নিয়ে আলোচনা করেন, কেউ খোঁজখবর নেন আত্মীয়-স্বজনের।

Advertisement

প্রযুক্তির এই ব্যস্ত সময়ে শহরের মানুষের কাছে শুক্রবার হয়তো আরেকটি ছুটির দিন। কিন্তু গ্রামের মানুষের কাছে এটি এখনো পরিবারকে সময় দেওয়ার দিন, শিশুদের আনন্দের দিন, মসজিদমুখী হওয়ার দিন এবং সপ্তাহজুড়ে পরিশ্রমের পর একটু সুখ খুঁজে পাওয়ার দিন।

আরও পড়ুন ঢাকার বুকে আজও টিকে আছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

তাই গ্রামের শুক্রবার মানেই একটি মুরগি নিয়ে বাড়ি ফেরা বাবার মুখে তৃপ্তি, রান্নাঘরে ব্যস্ত মায়ের হাসি, মাঠে ছুটে চলা শিশুদের উচ্ছ্বাস আর জুমার নামাজকে ঘিরে ধর্মীয় ও সামাজিক বন্ধনের এক অনন্য ছবি।

কেএসকে