জাতীয়

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় অভিযান, কাঁচামালসহ গ্রেফতার ৪

ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

Advertisement

র‍্যাব জানায়, ইয়াবা তৈরিতে ব্যবহৃত এসব কাঁচামাল বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। তবে গ্রেফতার চক্রটি এসব কাঁচামাল ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছিল। কাঁচামাল সংগ্রহ ও ইয়াবা উৎপাদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে গ্রেফতারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১০ এর আওতাধীন এলাকায় একটি ইয়াবা তৈরির চক্রের সন্ধান পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে এক হাজার ৯৬৮ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, ইয়াবা তৈরির সরঞ্জাম, পাঁচটি মোবাইল ফোন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। এ সময় চক্রটির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। গ্রেফতার সবাই পেশাদার মাদক কারবারি বলে দাবি করেছে র‍্যাব।

গ্রেফতার ব্যক্তিরা প্রায় দুই বছর ধরে ইয়াবা তৈরির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। তাদের জিজ্ঞাসাবাদে ঢাকায় আরও কয়েকটি ইয়াবা তৈরির কারখানা থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। তবে গ্রেফতার চক্রটি এসব কাঁচামাল ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছে। কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে গ্রেফতারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান।

কেআর/এমএএইচ/