বিনোদন

সালমানের ঘরের ভেতরের অজানা গল্প ফাঁস করলেন প্রযোজক

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন কখনোই কমে না। পর্দার বাইরের তার জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস কিংবা ঘরের ভেতরের গল্প জানতে বরাবরই মুখিয়ে থাকেন অনুরাগীরা। এবার অভিনেতার এমনই এক অজানা ঘটনার কথা প্রকাশ্যে আনলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

সম্প্রতি সাইরাস ব্রোচার এক সাক্ষাৎকারে শৈলেন্দ্র সিং জানান, বহু বছর আগে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের নিয়মিত সোমবার রাতের আড্ডায় যোগ দেওয়ার সুযোগ হয়েছিল তার। সেখানেই তিনি কাছ থেকে দেখেছিলেন অভিনেতার এক ভিন্নরকম অভ্যাস।

প্রযোজকের দাবি, সালমান খাবার খাওয়ার সময় ডাইনিং টেবিলের সামনে রাখা একটি আয়নার দিকে তাকিয়ে থাকতে পছন্দ করতেন। এমনকি পাশে বসা মানুষের সঙ্গে কথাও বলতেন সেই আয়নার প্রতিফলন দেখে। বিষয়টি প্রথমে তার কাছে বেশ অদ্ভুত মনে হয়েছিল।

তবে কিছুক্ষণ পর আরও বিস্ময়কর একটি ঘটনার সাক্ষী হন তিনি। শৈলেন্দ্র জানান, সালমান তখন বিরিয়ানি খাচ্ছিলেন। এমন সময় চিকিৎসাসামগ্রী হাতে এক ব্যক্তি ঘরে ঢুকে গ্লাভস পরে অভিনেতার মাথায় একের পর এক ইনজেকশন দিতে শুরু করেন। পুরো ঘটনাটি দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি।

Advertisement

আরও পড়ুন বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা

বিষয়টি বুঝতে না পেরে শৈলেন্দ্র সরাসরি সালমানের কাছে জানতে চান, কী হচ্ছে। জবাবে অভিনেতা শান্তভাবেই বলেন, ‘তারকা হওয়ার একটা মূল্য তো দিতেই হয়, ভাই।’

পরে অবশ্য পুরো বিষয়টি পরিষ্কার হয়। শৈলেন্দ্র জানতে পারেন, সালমান তখন প্লেটলেট রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি নিচ্ছিলেন। এই চিকিৎসা পদ্ধতিতে ব্যক্তির নিজের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে তা মাথার ত্বকে প্রয়োগ করা হয়, যা চুলের বৃদ্ধি ও চুল ঝরে পড়া কমাতে সহায়তা করে।

শৈলেন্দ্র বলেন, সে সময় তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তবে এখন অনেক তারকাই বয়সের সঙ্গে চুল পাতলা হয়ে গেলে এই চিকিৎসা নিয়ে থাকেন। তার ভাষায়, ‘এখন মনে হয় হৃতিক থেকে শুরু করে অনেকেই এই চিকিৎসা করান।’

আরও পড়ুন বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও কাজে বিরতি নেই সালমান খানের। বর্তমানে পরিচালক বংশী পাইডিপল্লীর নাম চূড়ান্ত না হওয়া একটি অ্যাকশনধর্মী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।

Advertisement

এমএমএফ