জাতীয়

জায়গা-জমির বিরোধে ফটিকছড়িতে ভাইয়ের মৃত্যু, বোন পুলিশ হেফাজতে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিক (মনা) (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্বজন ও প্রতিবেশীরা রফিককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

Advertisement

আরও পড়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে একগুচ্ছ পরিকল্পনা

প্রতিবেশী বানু মিয়া জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। ঘটনার রাতে সেই বিরোধকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। পরে রফিককে আহত অবস্থায় পাওয়া যায়। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে নিহতের বড় বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। নিহতের বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হবে।

Advertisement

এমআরএএইচ/এএমএ