বিনোদন

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান খান

 

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক রহস্যময় তরুণীর সঙ্গে তাকে বের হতে দেখা গেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।

Advertisement

বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রাম। সম্প্রতি শাহরুখ ও তার পরিবারের কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় উঠে এলেন আরিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ভক্তের সঙ্গে ছবি তোলার পর এক তরুণীর সঙ্গে ক্যাসিনো থেকে বের হয়ে আসছেন আরিয়ান। পরে নেটিজেনদের একাংশ ওই তরুণীর পরিচয় খুঁজে বের করেন। জানা যায়, তিনি ডেনমার্কের গায়িকা ভিন্নী টকায়র।

ভিডিওতে দেখা যায়, ক্যাসিনোর বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন আরিয়ান ও ভিন্নী। দুজনের পরনেই ছিল কালো রঙের পোশাক। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা

ভিন্নী টকায়র সম্প্রতি লন্ডন সফরের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। যদিও সেসব ছবিতে আরিয়ানকে দেখা যায়নি। তবে ভক্তদের নজর এড়ায়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে অনুসরণ করেন। অনেকের ধারণা, তাদের বন্ধুদের পরিমণ্ডলও প্রায় একই হওয়ায় বেশ কিছুদিন ধরেই তাদের পরিচয় রয়েছে।

এর আগেও ব্রাজিলের মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ান খানের সম্পর্ক নিয়ে জোর আলোচনা হয়েছিল। এমনকি আরিয়ানের পোশাক ব্র্যান্ডের প্রচারেও দেখা গিয়েছিল লারিসাকে। এছাড়া আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’র বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন তিনি। তবে সেই সম্পর্কের বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আরিয়ান।

ডেনমার্কের সংগীতশিল্পী ভিন্নী টকায়রের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা ১১ হাজারের বেশি। নিজের পরিচয়ে তিনি কোপেনহেগেন ও মুম্বাই-দুই শহরের কথাই উল্লেখ করেছেন। এর আগে একাধিকবার মুম্বাইয়ে সংগীত পরিবেশন করেছেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘শাইনিং লাইটস’ ও ‘মে বি আই লাভ ইউ’।

অন্যদিকে অভিনয়ের চেয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডেই এখন বেশি মনোযোগী আরিয়ান খান। জানা গেছে, লন্ডনে পরিবারের সঙ্গে অবকাশ যাপনের পাশাপাশি যুক্তরাজ্যে তার প্রিমিয়াম মদের ব্র্যান্ড চালুর প্রস্তুতিও চলছে। শাহরুখ খান ও আরিয়ানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি শিগগিরই আন্তর্জাতিক বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

Advertisement

আরও পড়ুন বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

তবে আরিয়ান খান কিংবা ভিন্নী টকায়র-কেউই তাদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের খবরটি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

এমএমএফ