দেশজুড়ে

পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোটে ঘুরতে গিয়ে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার গোলাপনগর এলাকার মনি পার্কসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম ববি বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, গভীর রাতে মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান। পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, হাসপাতালের ভর্তি রেজিস্টারে আহত ব্যক্তির নাম রয়েছে এবং জরুরি বিভাগের রেজিস্টারে আঘাতের কারণ হিসেবে 'গানশট' উল্লেখ করা হয়েছে। তবে পরে তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ শরিফুল ইসলামের স্ত্রী বনি মুঠোফোনে জানান, তার স্বামীর অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।

এদিকে গভীর রাতে দলবল নিয়ে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, পদ্মা নদীতে চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। অতীতেও এসব গ্রুপের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে ওই বিষয়গুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

একই সূত্রের দাবি, নদীকেন্দ্রিক কয়েকটি গ্রুপের পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে জানতে মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। মনি গ্রুপের ডিএম জুয়েল ছুটিতে থাকার কথা জানিয়ে এ বিষয়ে কিছু বলতে পারেননি। পার্কের ব্যবস্থাপক হুমায়ুনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। কী কারণে গুলি ছোড়া হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আল-মামুন সাগর/কেএইচকে