খেলাধুলা

কেন্দ্রীয় চুক্তি থেকে বিভাগীয় কোচ-নারী ক্রিকেটে একাধিক সিদ্ধান্ত বিসিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার পর সংক্ষিপ্ত বিরতির পর আবারও অনুশীলনে ফিরেছেন নারী ক্রিকেটাররা। বর্তমানে সিলেটে চলছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। আগামী ১০ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে স্কিল ট্রেনিং ক্যাম্প।

Advertisement

এর আগেই নারী ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক বোর্ড সভায় জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি অনুমোদনের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে নারী কোচ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জুলাই পর্যন্ত জাতীয় দলের জন্য মোট ১৭ জন নারী ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকবেন। সর্বোচ্চ এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার- অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং শারমিন আক্তার সুপ্তা।

এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাতজন ক্রিকেটারকে। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন দুইজন এবং ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পাঁচজন।

Advertisement

শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মৌসুমের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ জন নারী ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে ৫৪ জন নারী ক্রিকেটার আগামী মৌসুমে বিসিবির চুক্তিভুক্ত থাকবেন।

নারী ক্রিকেটের তৃণমূল উন্নয়নের লক্ষ্যেও নতুন পদক্ষেপ নিয়েছে বোর্ড। দেশের আটটি বিভাগে আটজন নারী কোচ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে সাবেক নারী ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি লেভেল-১ কোচিং সনদধারীদের নিয়োগে বিশেষ গুরুত্ব দেবে বিসিবি।

জাতীয় দলের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে দক্ষ কোচ এবং আরও বেশি চুক্তিভুক্ত ক্রিকেটার যুক্ত হওয়ায় নারী ক্রিকেটের কাঠামো আরও শক্তিশালী হবে বলেই আশা করছে বোর্ড।

Advertisement

এসকেডি/আইএইচএস/