আইন-আদালত

গ্রেফতার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর

রাজধানীর মিরপুর-১২ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ছয়জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ১১ জন হলেন সুজন হোসেন (২৬), মো. নাসিম (২১), আরিফুল ইসলাম (২১), বিলাল হোসেন (২২), মো. ইব্রাহিম (৩৫), মো. তারেক (২০), সৈয়দ লিমন (১৯), মনিরুজ্জামান শাওন (১৯), মো. নাছিম (২০), রবিউল ইসলাম (২০) এবং আলমগীর ইসলাম (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

আরও পড়ুন ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৩  

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন আল মামুন প্রাপ্তবয়স্ক ১১ জনকে কারাগারে আটক রাখার এবং ছয়জন অপ্রাপ্ত বয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। আদালত উভয় আবেদনই মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে।

অভিযানকালে একটি ব্যানার, কয়েকটি মোবাইলফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পল্লবী থানার এসআই সোহান মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

Advertisement

এমডিএএ/এসআর