ক্যাম্পাস

মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটিং করায় ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি

আপত্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

অভিযুক্ত সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এবং কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এই অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

Advertisement

আরও পড়ুন নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, শাবিপ্রবিতে বিক্ষোভ  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইয়ান্স অফ বাংলাদেশ-পুসাব’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের আপত্তিকর কথোপকথন ভাইরাল হয়। পরে কথোপকথনের স্ক্রিনশটটি নিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। এ ঘটনার পর অভিযুক্তকে দল থেকে অব্যাহতি দিয়েছে দিলো জাতীয় ছাত্রশক্তি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, মেসেঞ্জারে চ্যাটিংটা তার খালাতো ভাইয়ের সঙ্গে ছিল। আমরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রে জানাই। কেন্দ্র যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে।’

আরও পড়ুন শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা  

অব্যাহতি পাওয়া ছাত্রশক্তি নেতা সাজিদ আহমেদ মোল্লা বলেন, ‘যে চ্যাটটি নিয়ে কথা হচ্ছে, সেটি প্রায় এক বছর আগে আমার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন। এটি কোনো সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত আলাপচারিতায় সমবয়সী হওয়ার কারণে অনেক সময় মজা করে বিভিন্ন ধরনের কথা হয়। একটি ব্যক্তিগত মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

Advertisement

এসএইচ জাহিদ/এসআর