রাজনীতি

জ্বালানি নিয়ে সরকারকে দীর্ঘমেয়াদি টেকসই উদ্যোগ নিতে হবে: আতাউর রহমান

মূল্যবৃদ্ধির সরল চিন্তা পরিহার করে জ্বালানি নিয়ে দীর্ঘমেয়াদি টেকসই উদ্যোগ নিতে হবে ‌বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

Advertisement

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে আল-ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ‌‘নগর সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাজী আতাউর রহমান বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর পরিকল্পনায় উদ্বেগ জানিয়ে বলেন, মূল্যস্ফীতির চাপে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির শিকার হচ্ছে বাংলার মানুষ। সরকার বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর কিছু না করে এমন সব পদক্ষেপ নিচ্ছে, যা সরাসরি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে।’

আরও পড়ুন জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে: চরমোনাই পীর  

তিনি বলেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন আবার বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার যে পরিকল্পনা করছে তা সরাসরি মূল্যস্ফীতিকে উসকে দেবে।

Advertisement

সরকারের প্রতি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রকে ভর্তুকি দিতেই হয়। তবে সেই ভর্তুকি এমন খাতে দিতে হবে, যার সুফল গোটা জনগণ ভোগ করে। জ্বালানি খাত তেমনই একটি গুরুত্বপূর্ণ খাত। তাই মূল্যবৃদ্ধির সহজ পথ পরিহার করে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি, টেকসই ও জনবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে। জ্বালানি খাতে দেশের দুর্বল সক্ষমতা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্যও দীর্ঘমেয়াদে হুমকিস্বরূপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

আরও পড়ুন ইসলামী আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছিল: আতাউর রহমান  

চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আল মুহাম্মদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজীসহ নগর উপদেষ্টা, নগর দায়িত্বশীল এবং সহযোগী সংগঠনের নেতারা।

নগর সম্মেলনের শেষ পর্বে মহানগর মজলিসে শূরার সদস্যদের লিখিত পরামর্শক্রমে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মুহাম্মদ জান্নাতুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ড. বেলাল নূর আজিজী, সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন আল বারী এবং সেক্রেটারি হিসেবে আল মুহাম্মদ ইকবাল মনোনীত হন।

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর মিডিয়া সেল সমন্বয় মুহাম্মদ ইয়াসির আরাফাত সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআর