লাইফস্টাইল

বর্ষায় চুলের রুক্ষতা দূর করবে ঘরোয়া ৩ হেয়ার মাস্ক

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে শুরু করে। অতিরিক্ত ঘাম, স্যাঁতসেঁতে পরিবেশ এবং মাথার ত্বকে জমে থাকা ময়লার কারণে চুল দ্রুত তৈলাক্ত হয়ে যায়। অনেকের মাথার ত্বকে চুলকানি, ছোট ছোট র‌্যাশ বা ছত্রাকের সংক্রমণও দেখা দেয়। তাই এই সময়ে শুধু শ্যাম্পু করলেই হবে না, প্রয়োজন বাড়তি যত্নও। ঘরেই সহজলভ্য কয়েকটি উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্ক বর্ষায় চুলকে রাখতে পারে স্বাস্থ্যোজ্জ্বল ও সতেজ।

Advertisement

নিম ও তুলসি পাতার হেয়ার প্যাক

বর্ষাকালে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ বা ফুসকুড়ির সমস্যা অনেকেরই দেখা দেয়। এ ক্ষেত্রে নিম ও তুলসি হতে পারে প্রাকৃতিক সমাধান। এই দুই পাতাতেই রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।

এক মুঠ নিমপাতা ও সমপরিমাণ তুলসি পাতা ভালোভাবে বেটে পেস্ট তৈরি করুন। এরপর পেস্টটি মাথার তালুতে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। পরে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করলে মাথার ত্বকের চুলকানি, র‌্যাশ ও ছত্রাকজনিত সমস্যা অনেকটাই কমতে পারে।

চুলের সঠিক যত্নও চুলের স্বাস্থ্য রক্ষার বড় উপায়

Advertisement

জবা ফুল ও মেথি পাতার মাস্ক

রুক্ষ ও নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনতে জবা ফুল এবং মেথি পাতার জুড়ি নেই। জবা ফুল চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, আর মেথি পাতা চুলকে নরম ও মসৃণ রাখে।

এক মুঠো তাজা জবা ফুল ও সমপরিমাণ মেথি পাতা সামান্য পানি দিয়ে বেটে নিন। এর সঙ্গে এক চা চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে পুরো চুল ও মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুলের শুষ্কতা কমবে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসবে।

ডিম ও টক দইয়ের মাস্ক

চুলের পুষ্টি ফিরিয়ে আনতে ডিম ও টক দইয়ের মাস্ক বেশ কার্যকর। ডিমে থাকা প্রোটিন চুলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সাহায্য করে, আর টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

আরও পড়ুন আইসক্রিম রঙের ঠোঁটই এখন নতুন বিউটি ট্রেন্ড

১টি ডিমের সঙ্গে ৪ টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানি কমানোর পাশাপাশি চুলকে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

Advertisement

আরও পড়ুন ভারী ফাউন্ডেশন নয়, ন্যাচারাল লুক পেতে বেছে নিন হাইব্রিড মেকআপ

বর্ষায় চুলের সমস্যা এড়াতে নিয়মিত মাথার ত্বক পরিষ্কার রাখা, ভেজা চুল বেশি সময় বেঁধে না রাখা এবং সপ্তাহে অন্তত একবার পুষ্টিকর হেয়ার মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সামান্য যত্নেই বর্ষার পুরো সময়জুড়ে চুলকে রাখা সম্ভব সুন্দর, প্রাণবন্ত ও সুস্থ।

সূত্র: বি বিউটিফুল,নেটমেড, ভোগ ইন্ডিয়া এসএকেওয়াই