দেশজুড়ে

খুলনায় কাঁচা মরিচের দামে আগুন, বেড়েছে সবজি-মুরগির দাম

টানা বৃষ্টির প্রভাবে খুলনার বাজারে আবারও বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে তা পৌঁছেছে ৩০০ টাকায়। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ সবজি ও ব্রয়লার মুরগির দাম। তবে মাছ ও গরু-খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজার, নতুন বাজার ও নিউমার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, পেঁপে দাম বেড়ে ৪০-৫০ টাকা কেজি, গোল বেগুন ৬০-৭০ টাকা, করলা ৮০-১০০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৫০-৬০ টাকা, কেজিপ্রতি মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পটল ৬০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা এবং ধুন্দুল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০০ টাকা কেজি।

এদিকে কাঁচা কলার হালি ২৫-৩০ টাকা, লেবুর হালি ১০-১২ টাকা, পেঁয়াজ ৫০-৬০ টাকা, বড় রসুন ৯০-১০০ টাকা এবং আলু ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Advertisement

মুরগির বাজারেও দাম বেড়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮০ টাকা, সোনালি ২৩০ টাকা এবং লেয়ার ২২০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০-১৬০ টাকা কেজি।

অন্যদিকে গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই ২২০-২৫০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা, তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাঙাশ ১৬০-১৮০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, চিংড়ি ৫০০-৮০০ টাকা, ভেটকি ৫০০-৬০০ টাকা এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মিস্ত্রিপাড়া বাজারের খুচরা সবজি ব্যবসায়ী শাহেদুল বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় মূলত সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এজন্য মূলত দাম বেড়েছে। অনেক ক্রেতা দাম কমতে পারে বলে ১০০ গ্রাম পরিমাণেও মরিচ ক্রয় করছেন।

অন্য একজন ব্যবসায়ী ছগির আহমেদ বলেন, বৃষ্টির কারণে ধাপে ধাপে শুধু সবজির দাম বেড়েই চলেছে। সম্প্রতি আর দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বাজারে সবজির আমদানি অনেক কম রয়েছে। এজন্য কাঁচা মরিচরে দাম বেড়েছে। তবে আমদানি বৃদ্ধি পেলে দাম অনেকটা কমে যাবে।

Advertisement

বাজারে আসা ক্রেতা ফরহাদ হোসেন বলেন, দীর্ঘদিন বাজারে সবজির দাম অনেকটা কম ছিল। এখন আবার বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা শুধু বলেন, বৃষ্টির কারণে দাম বাড়ছে। তবে বাজার নিয়মিত মনিটরিং করা প্রয়োজন। বাজার মনিটরিং করলে দাম হয়তো লাগামে আসবে। তবে ৩০০ টাকা দিয়ে এক কেজি কাঁচা মরিচ ক্রয় করার সামর্থ্য অনেকের নেই।

অন্য একজন ক্রেতা ইকরামুল মিনা বলেন, বাজারে সবজির দাম অনেক কম ছিলো। সবজির ওপরে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার নির্ভরশীল। তার দামও বৃদ্ধি পেলে আমাদের বাজারে আসা বন্ধ হয়ে যাবে।

আরিফুর রহমান/কেএইচকে/এএসএম