নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার সেসব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
Advertisement
ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে গল্পের উপস্থাপনা এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতাই তাকে কাজটি করতে উৎসাহিত করেছে।
বাঁধন লেখেন, ‘এই সিনেমায় কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটি আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি।’
অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে অনেক নির্মাতা ও বিভিন্ন ধরনের প্রযোজনার সঙ্গে কাজ করেছেন। কিছু অভিজ্ঞতা ভালো ছিল, কিছু কঠিন। তবে সব অভিজ্ঞতাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।
Advertisement
পোস্টে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও শক্তিশালী করেছে।
সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তাও দেন তিনি। বাঁধন লেখেন, ‘আমার সংসারের খরচ কেউ বহন করে না, আমার জীবনও কেউ আমার হয়ে বাঁচে না। তাই আমার সিদ্ধান্তগুলো নিয়ে দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’
তিনি আরও জানান, তার জীবনে এমন কিছু মানুষ আছেন, যাদের পরামর্শ তিনি বিশ্বাস করেন, সম্মান করেন এবং গুরুত্ব দিয়ে শোনেন।
পোস্টের শেষাংশে নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান বাঁধন। তিনি লেখেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি আরও এগিয়ে যাব এবং আরও সুখী হব।’
Advertisement
উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে যুক্ত হওয়ার ঘোষণা দেন আজমেরী হক বাঁধন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি ও তার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এলআইএ