দেশজুড়ে

দিনদুপুরে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, আতঙ্ক সৃষ্টি করতে গুলি

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে হাইওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী পালকি পরিবহনের বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং এক যাত্রীকে ছুরিকাঘাত করে।

Advertisement

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত মো. আল আরমান (২৫) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় হাইওয়ে সড়কে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকি পরিবহনের যাত্রীবাহী বাস ব্যারিকেড দিয়ে থামিয়ে ডাকাতি করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

আরও পড়ুন কক্সবাজারের হিমছড়িতে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক যুবক ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ডাকাতরা বাসের যাত্রীদের পাশাপাশি বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া বলেন, ছুরিকাঘাতে আহত মো. আল আরমান চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দমদমিয়া সংলগ্ন হাইওয়ে সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে মো. আল আরমান নামে এক যুবক আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

জাহাঙ্গীর আলম/এসজেডএইচ/জেআইএম