বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে দেওয়া হয়েছে।
Advertisement
রোববার (২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়।
এর আগে, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে গত সপ্তাহজুড়ে পদটি খালি ছিল।
Advertisement
তবে, কী কারণে রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসি চেয়ারম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন। অতিরিক্ত সচিব রেজানুর রহমান ৫ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও যোগদান করেন।
আলোচনা রয়েছে, জ্বালানি বেসরকারি খাতে দেওয়া, পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী তালিকাভুক্তির শর্টলিস্টে রাজনৈতিক প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকায় না রাখা নিয়ে চাপের মধ্যে ছিলেন রেজানুর রহমান। সমালোচনা ছিল- বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে না করে উল্টো প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল তার।
এমডিআইএইচ/একিউএফ
Advertisement