খেলাধুলা

জাতীয় দলের পথে নতুন সিঁড়ি চালু করলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের মাঝখানে এবার যুক্ত হয়েছে নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ।

Advertisement

ইতোমধ্যে এই বিভাগের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং ১ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প।

নতুন এই বিভাগের লক্ষ্য ১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের আরও সুসংগঠিতভাবে গড়ে তোলা, যাতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পথে তাদের উত্তরণ আরও সহজ হয়। আগে অনূর্ধ্ব-১৯ দল থেকে অনেক ক্রিকেটার সরাসরি এইচপি দলে সুযোগ পেতেন। এখন সেই দুই ধাপের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে অনূর্ধ্ব-২৩ ইউনিট।

গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত এই বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। তার সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী এবং জয় সাহা।

Advertisement

নতুন বিভাগটির প্রথম কার্যক্রমের অংশ হিসেবে মালয়েশিয়ার বিপক্ষে একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। সফরের শুরুতে টপ এন্ড টি-টোয়েন্টি স্কোয়াড মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে।

বর্তমানে মিরপুরে চলমান ক্যাম্পে ২০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এই প্রস্তুতি ক্যাম্প থেকেই সিরিজের জন্য দল গড়ে তোলা হবে।

এসকেডি/আইএন

Advertisement