জাতীয়

২০ হাজার টাকায় বিক্রি করা হয় একমাসের শিশুকে, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া এক মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। দাদির অভিযোগের পর অভিযান চালিয়ে হাটহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

Advertisement

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রোববার (২ আগস্ট) সকালে আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিবের (১৮) সঙ্গে একই এলাকার রোকসানা বেগমের (১৮) বিয়ে হয়। গত ২০ জুন তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে সন্তানকে নিয়ে রোকসানা বাবার বাড়িতে বেড়াতে যান।

আরও পড়ুন বিয়ের নামে ২ মাসের কন্যাসন্তান বিক্রি, নিয়ে যাবে ৮ বছর হলেই!

শিশুটির দাদি ফিরোজা বেগমের অভিযোগ, গত ২৭ জুলাই তাকে জানানো হয়, শিশুটি মারা গেছে এবং দাফনও করা হয়েছে। তবে কবর দেখাতে বললে মেয়ের পরিবারের সদস্যরা তা দেখাতে পারেননি। এতে সন্দেহ হলে তিনি বোয়ালখালী থানায় অভিযোগ করেন।

Advertisement

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে হাটহাজারীর একটি নিঃসন্তান পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন মায়ের জন্য রক্তের টাকা যোগাড়ে নবজাতককে বিক্রি

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তদন্তাধীন।

এমআরএএইচ/এমএমকে

Advertisement