পোলাও, বিরিয়ানি, কাবাব বা ভাজাপোড়া - ভারী খাবার খাওয়ার পর অনেকেরই হঠাৎ করে ঠান্ডা সফট ড্রিংক খেতে ইচ্ছা করে। যেন এই পানীয়টি না হলে খাবারটাই অসম্পূর্ণ! কিন্তু কখনও ভেবেছেন, এমনটা কেন হয়?
Advertisement
এটি কি শুধু অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে শরীরের কোনো বৈজ্ঞানিক কারণ? বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করে।
প্রথমত, ভারী ও তেলযুক্ত খাবার খেলে পেটে ভারীভাব তৈরি হয়। তখন ঠান্ডা, গ্যাসযুক্ত পানীয় খেলে সাময়িকভাবে হালকা লাগতে পারে। সফট ড্রিংকের কার্বনেশন পেটে জমে থাকা গ্যাস বের হতে সাহায্য করে, ফলে কিছুটা আরাম অনুভূত হয়।
দ্বিতীয়ত, সফট ড্রিংকে থাকা চিনি ও ক্যাফেইন মস্তিষ্কে দ্রুত ‘রিওয়ার্ড’ সিগন্যাল তৈরি করে। ভারী খাবারের পর শরীর যখন ক্লান্ত বা অলস লাগে, তখন মিষ্টি পানীয় সাময়িকভাবে শক্তি ও সতেজতা এনে দেয়। ফলে শরীর নিজেই এমন কিছু চাইতে পারে।
Advertisement
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অভ্যাস ও মনস্তাত্ত্বিক প্রভাব। অনেকেই ছোটবেলা থেকে দেখেছেন - ফাস্টফুড বা ভারী খাবারের সঙ্গে সফট ড্রিংক থাকে। ফলে মস্তিষ্কে একটি অভ্যাস তৈরি হয় যে, এমন খাবারের পর এই পানীয়ই ‘কমপ্লিট প্যাকেজ’।
তবে এই অভ্যাস সবসময় ভালো নয়। সফট ড্রিংকে থাকে উচ্চমাত্রার চিনি, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। নিয়মিত এভাবে খেলে ওজন বৃদ্ধি, ইনসুলিন রেজিস্ট্যান্স ও দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া অতিরিক্ত গ্যাসযুক্ত পানীয় পেটে অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যাও বাড়াতে পারে।
তাই ভারী খাবারের পর সফট ড্রিংকের বদলে পানি, লেবুর শরবত বা হালকা গরম পানি বেছে নেওয়া ভালো। এতে হজমও ভালো হয় এবং শরীরের ওপর বাড়তি চাপ পড়ে না।
সূত্র: হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথ, মায়ো ক্লিনিক
Advertisement
এএমপি/এএসএম