লাইফস্টাইল

আরাম আর গ্ল্যামারে তামান্নার নজরকাড়া লুক

ল্যাকমে ফ্যাশন উইকের ঝলমলে মঞ্চে আবারও নজর কাড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া। ডিজাইনার ভূমিকা শর্মার ‘আফটারগ্লো’ কালেকশনের শোস্টপার হয়ে র‍্যাম্পে উঠে তিনি যেন নতুন করে সংজ্ঞা দিলেন গ্ল্যামারের, যেখানে আভিজাত্যের সঙ্গে সমান গুরুত্ব পেয়েছে স্বাচ্ছন্দ্য।

Advertisement

ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আসর ল্যাকমে ফ্যাশন উইকে বরাবরের মতোই ছিল তারকাদের জমকালো উপস্থিতি। তবে এবারের আসরে তামান্নার উপস্থিতি ছিল বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। লাল রঙের রয়্যাল ব্লুম প্রিন্টের লেহেঙ্গায় তিনি হাজির হন এক অনন্য আঙ্গিকে, যা একইসঙ্গে দৃষ্টিনন্দন ও আরামদায়ক।

এই লেহেঙ্গাটি প্রচলিত ব্রাইডাল ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করেছে। ভারী, জটিল সাজ নয়, বরং হালকা ও পরতে স্বচ্ছন্দ এমন পোশাকেও যে গ্ল্যামার ধরা যায়, সেটিই তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ট্রেন্ড যতই বদলাক না কেন, নিজের আরাম এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকই হওয়া উচিত সবার প্রথম পছন্দ।

হল্টারনেক ডিজাইনের ডিপ-নেক করসেট টপের সঙ্গে প্লিটেড স্কার্ট এই ফিউশন লুকটিকে আরও আকর্ষণীয় করেছে সূক্ষ্ম সিকুইন ও এমব্রয়ডারির ওড়না। পুরো সাজে ছিল আধুনিকতা আর ঐতিহ্যের নিখুঁত ভারসাম্য।

Advertisement

তবে শুধু পোশাক নয়, স্টাইলিংয়েও ছিল চমক। এই শোতে প্রথমবার নিজের ব্র্যান্ডের গয়না পরে র‍্যাম্পে হাঁটেন তামান্না। সবুজ ও সাদা পাথরের চোকারের সঙ্গে লম্বা নেকপিসের সমন্বয় তার লুককে দিয়েছে বাড়তি মাত্রা। ন্যূনতম গয়না ব্যবহার করেও কীভাবে আকর্ষণীয় উপস্থিতি তৈরি করা যায়, সেটির এক দারুণ উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

মেকআপেও ছিল সাবলীলতা। গোলাপি আভায় নরম গ্ল্যাম লুক, সঙ্গে খোলা ওয়েভি চুল। সব মিলিয়ে তার উপস্থিতি যেন এক আধুনিক অপ্সরীর প্রতিচ্ছবি।

শো শেষে ডিজাইনারকে ধন্যবাদ জানিয়ে তামান্না বলেন, নিজের স্টাইল অনুযায়ী জুয়েলারি পরার সুযোগ পাওয়াটা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। অন্যদিকে, এই কালেকশন নিয়ে ভূমিকা শর্মা জানান, এটি এমন নারীদের জন্য, যারা ঐতিহ্যকে সম্মান করেও নিজেদের আলাদা পরিচয় তুলে ধরতে চান।

এবারের ল্যাকমে ফ্যাশন উইকে তামান্না ভাটিয়ার এই লুক গ্রীষ্মকালীন উৎসব বা হালকা ব্রাইডাল ফ্যাশনে নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

জেএস/