পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।
Advertisement
শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো। বিগত একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলো। তখন তিনি সব সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সব সাংবাদিককেও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচার দ্বারা মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আহত ও নিহত হয়েছে। অনেকের পরিবার অনেক কষ্ট থেকেছে ১৭-১৮ বছর। এই সব সাংবাদিককে আমি স্মরণ করছি। আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সঙ্গে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।
Advertisement
শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছেন। তারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন তাহলে সারাদেশের মানুষ জানত না স্বৈরাচারের দ্বারা মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদটি সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন সেই সংবাদ পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।
এর আগে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ প্রমুখ।
Advertisement
এন কে বি নয়ন/এনএইচআর