জাতীয়

স্বামীকে ছাড়াতে ভুয়া ডিবিকে অর্থ দেন নারী, গ্রেফতার মূলহোতা

রাজধানীতে ভুয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারের নাম- মো. জাবেদ হোসেন (৫১)।

ডিবি ওয়ারি বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারকচক্রের মূলহোতা জাবেদ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

Advertisement

তিনি বলেন, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গত ৫ এপ্রিল (রোববার) সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরবর্তীতে ভুক্তভোগী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায় তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করে।

প্রতারকচক্রটি ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তার স্বামীর কণ্ঠস্বরের অনুকরণে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলিয়ে ভয়ভীতি সৃষ্টি করে জানিয়ে তিনি বলেন, এতে তিনি (ভুক্তভোগীর স্ত্রী) মানসিকভাবে ভেঙে পড়ে দ্রুত আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা জোগাড় করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে যাত্রাবাড়ী শাখার এক ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। তবে উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস আভিযানিক দল বুধবার (১৫ এপ্রিল) বিকালে কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকা থেকে মূলহােতাকে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতার জাবেদের বিরুদ্ধে পল্টন থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কেআর/এএমএ