চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এজাহার শিকদারের আকাশমনি বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার খরুসকুল এলাকার মোহাম্মদ রাশেদ (১৮), রাউজান উপজেলার মো. আকিব (২০) ও মোহাম্মদ রবিন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে আকাশমনি বাগানের ভেতরে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমআরএম
Advertisement