খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে অসহায় ও দুস্থদের জন্য মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও একটি বিশেষ মেডিকেল টিম, চট্টগ্রাম সদর থেকে আগত অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ, সিন্দুকছড়ি জোন সদরদপ্তরের মেডিকেল অফিসার ও তার সহায়ক দল।
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১০০০-১৫০০ জন পাহাড়ি ও বাঙালি রোগী সরাসরি চিকিৎসা সহায়তা গ্রহণ করেন। চিকিৎসা গ্রহণের পাশাপাশি রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা লাভ করেন।
Advertisement
বিশেষ এই উদ্যোগের অংশ হিসেবে, লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে ও সিন্দুকছড়ি জোনের বিশেষ ব্যবস্থাপনায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পাহাড়ের দুর্গম এলাকার অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সুবিধাভোগী একাধিক ব্যক্তি জানান, অর্থাভাব ও যাতায়াত সমস্যার কারণে যারা সুচিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, এই ক্যাম্প তাদের জন্য আশির্বাদ হয়ে এসেছে।
প্রবীর সুমন/এমএন/এএসএম
Advertisement