স্বাস্থ্য

সঠিক চিকিৎসায় হিমোফিলিয়া রোগীদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ হলেও সময়মতো সঠিক রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

Advertisement

বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিএমইউ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ বছরের প্রতিপাদ্য ‘রোগ নির্ণয়: সুচিকিৎসার প্রথম ধাপ’কে সামনে রেখে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং বিএমইউর হেমাটোলজি বিভাগের সহযোগিতায় র‍্যালিটি আয়োজন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।

আয়োজনে বক্তারা রোগ নির্ণয় জোরদার করা, রোগীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় রক্তের ফ্যাক্টর সরবরাহ নিশ্চিত করা এবং সমন্বিত (কমপ্রিহেনসিভ) চিকিৎসাসেবার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, বিএমইউর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদসহ সংগঠনের নেতা, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি, চিকিৎসক, রেসিডেন্ট ও শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক চিকিৎসা ধীরে ধীরে দেশের সব স্তরের মানুষের নাগালের মধ্যে আসবে। তারা জানান, দেশে এখনো অনেক অনিবন্ধিত হিমোফিলিয়া রোগী রয়েছে, যাদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা জরুরি।

রোগী ও তাদের অভিভাবকরাও এসময় বক্তব্য দেন এবং চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার আহ্বান জানান।

Advertisement

র‍্যালির মাধ্যমে হিমোফিলিয়া রোগের প্রাথমিক লক্ষণ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি রোগীদের প্রতি সামাজিক সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রণীত ‘ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অব হিমোফিলিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এসইউজে/এমএএইচ/