শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, বই পড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, কেবল অবকাঠামো উন্নয়ন নয়, জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নয়াহাট এলাকায় পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং এক শিক্ষিকার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, দেশে সম্মানবোধ ও নৈতিকতার ঘাটতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। কারিগরি শিক্ষার প্রসার ঘটলেও নৈতিক শিক্ষা থেকে সমাজ দূরে সরে যাচ্ছে। এ প্রবণতা ভবিষ্যৎ প্রজন্মকে অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের সম্মান করা জীবনের বড় শিক্ষা। দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত বিদায়ী শিক্ষিকাকে সম্মান জানানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
Advertisement
বই পড়ার ওপর গুরুত্ব দিয়ে মেয়র শাহাদাত বলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। তিনি ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের বিভিন্ন মনীষীর জীবনী পড়তে উৎসাহিত করেন।
স্বাস্থ্য সচেতনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকালের নাশতা না করে স্কুলে এলে মেধার বিকাশ ব্যাহত হতে পারে। সুষম খাদ্য গ্রহণে মনোযোগ ও শেখার সক্ষমতা বাড়ে।
অনুষ্ঠানে তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় ছাড় পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল হক। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Advertisement
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম নাছির উদ্দীন মহিলা কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, অধ্যক্ষ জারেকা বেগম, আফরোজা ইয়াসমিন, অভিভাবক সদস্য আইয়ুব আলী, রাশেদুল আলম প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে