জাতীয়

হজযাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে আশকোনা ক্যাম্প

সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

এ বছর হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৭ এপ্রিল দিনগত রাত ১২টা ২০ মিনিটে (অর্থাৎ ১৮ এপ্রিল প্রথম প্রহরে) ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদি আরবের সাউদিয়ার ৪টি এবং ফ্লাইনাসের ৪টি ফ্লাইট রয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে হজ ফ্লাইট শুরুর প্রাক্কালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প হাজিদের পদচারণায় মুখর হয়ে উঠছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীরা বিশেষ করে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা ক্যাম্পে উপস্থিত হচ্ছেন।

Advertisement

সৌদি আরবের সঙ্গে সই করা চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া পরিবহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪,৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন।

এ বিপুল যাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে পৌঁছে দেওয়া এবং তাদের আবাসন, পরিবহন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। হজযাত্রীদের চিকিৎসা ও সার্বিক সেবা নিশ্চিত করতে প্রথম পর্যায়ে ৯৭ সদস্যের একটি ‘সমন্বিত হজ চিকিৎসক টিম’ গঠন করা হয়েছে। এতে রয়েছেন ৪৫ জন চিকিৎসক, ২৪ জন নার্স, ১৬ জন ফার্মাসিস্ট এবং ১২ জন মেডিকেল টেকনোলজিস্ট।

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু শাহেদ মোহাম্মদকে টিম লিডার এবং ইউরোলজি বিভাগের ডা. মফিজুর রহমানকে ডেপুটি টিম লিডার করা হয়েছে।

এছাড়া ২৪ সদস্যের হজ প্রশাসনিক দল এবং ৩৫ সদস্যের প্রশাসনিক সহায়ক দল গঠন করা হয়েছে। প্রশাসনিক দলের সদস্যদের মধ্যে ১৩ জন মক্কায়, ৭ জন মদিনায় এবং ৪ জন জেদ্দায় দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক সহায়ক দলের ১৭ জন মক্কায়, ১২ জন মদিনায় এবং ৬ জন জেদ্দায় দায়িত্ব পালন করবেন।

Advertisement

এর পাশাপাশি ৯ সদস্যের হজ কারিগরি টিম গঠন ও তাদের সৌদি আরব প্রেরণের  কার্যক্রমও চলমান রয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রি-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এবারের হজ ব্যবস্থাপনায় নজরদারি জোরদার করা হয়েছে। ফ্লাইট সূচির সমন্বয়, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, হজ ফ্লাইট উদ্বোধনসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

এমইউ/এমআইএইচএস