লাইফস্টাইল

মিনিমাল লুকে নজরকাড়া শ্রীমা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য আবারও প্রমাণ করলেন, ওয়েস্টার্ন লুকেও তিনি সমান আকর্ষণীয়। ছোট পর্দা পেরিয়ে বড় পর্দা ও ডিজিটাল মাধ্যমে নিজের জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার হাজির হয়েছেন একেবারে সাদামাটা অথচ মনকাড়া স্টাইল স্টেটমেন্টে।

Advertisement

শ্রীমার সাম্প্রতিক এই লুকে নেই বাড়তি ঝলক বা ভারী সাজসজ্জা। তবুও তার উপস্থিতি চোখে লেগে থাকে সহজাত সৌন্দর্যের কারণে। পুরো লুকটিতে তিনি বেছে নিয়েছেন মনোক্রোম থিম, যা তাকে দিয়েছে একধরনের পরিশীলিত ও পরিমিত সৌন্দর্য।

আউটফিটের উপরের অংশে তিনি পরেছেন সাদা রঙের শিয়ার রিবড, বডি-ফিটেড ফুল স্লিভ টপ। এরসঙ্গে মানানসই করে জুড়েছেন হাই-ওয়েস্টেড প্লিটেড মিনিস্কার্ট। স্কার্টের গঠন ও হালকা ফ্লেয়ার তার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

স্টাইলিংয়ের ক্ষেত্রে শ্রীমা বরাবরের মতোই মিনিমাল পছন্দ করেছেন। কানে সিলভার চাংকি হুপ, হাতে একটি আংটি এবং গলায় ছোট্ট পেন্ডেন্ট-এই সামান্য অ্যাকসেসরিজই লুকটিকে দিয়েছে সম্পূর্ণতা। মেকআপেও ছিল সংযত ছোঁয়া। ত্বক রাখা হয়েছে স্বাভাবিক ও ডিউই ফিনিশে, হালকা গোলাপি ব্লাশে ফুটে উঠেছে সতেজতা। চোখে শুধু মাশকারার ব্যবহার আর ঠোঁটে ন্যুড গোলাপি লিপস্টিক, যা পুরো সাজের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

Advertisement

চুলের স্টাইলেও ছিল স্বাভাবিকতার ছাপ। সফট ওয়েভি টেক্সচারে রাখা খোলা চুল শ্রীমার এই লুককে আরও প্রাণবন্ত ও স্বচ্ছন্দ করে তুলেছে। সব মিলিয়ে, অতিরিক্ত কিছু না করেও কীভাবে একটি লুককে আকর্ষণীয় করে তোলা যায়, তারই এক নিখুঁত উদাহরণ হয়ে উঠেছেন শ্রীমা ভট্টাচার্য।

জেএস/