লাইফস্টাইল

মুরগির মাংসের কাঁচা গন্ধ দূর করার সহজ উপায়

মুরগির মাংস রান্নার সময় অনেকেই একটি সাধারণ সমস্যার হলো আঁশটে বা কাঁচা গন্ধ। সঠিকভাবে পরিষ্কার, ম্যারিনেশন এবং রান্না না করলে এই গন্ধ থেকে যায়। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি মেনে চললে খুব সহজেই এই সমস্যা দূর করা যায় এবং মাংস আরও সুস্বাদু হয়।

Advertisement

ভালোভাবে ধোয়ার নিয়ম

মাংস রান্নার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভালোভাবে ধোয়া। শুধু পানি দিয়ে ধুলে যথেষ্ট নয়। পানিতে সামান্য লেবুর রস বা ভিনেগার মিশিয়ে মাংস ধুলে গন্ধ অনেকটাই কমে যায়। আরও ভালো ফলের জন্য ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ লবণ মিশিয়ে মাংস ১০ মিনিট রেখে দিন, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মাংস অনেক বেশি পরিষ্কার ও গন্ধমুক্ত হয়।

ভিনেগারের ব্যবহার

ভিনেগার একটি কার্যকর উপাদান যা মাংসের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করে। এক বাটি পানিতে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে মাংস কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা ধুয়ে ফেললে কাঁচা গন্ধ কমে যায়। এটি মাংসকে কিছুটা নরম করতেও সাহায্য করে।

সঠিক ম্যারিনেশন পদ্ধতি

মুরগির মাংসের গন্ধ দূর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ম্যারিনেশন। দই, আদা-রসুন বাটা, লবণ এবং সামান্য হলুদ মিশিয়ে মাংস কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন। টকদই মাংসকে নরম করে এবং গন্ধ দূর করতে সাহায্য করে। চাইলে সামান্য গরম মসলা বা মরিচ গুঁড়াও যোগ করতে পারেন, যা স্বাদ আরও বাড়াবে।

Advertisement

রান্নার সময় করণীয়

রান্নার সময় মাংস ভালোভাবে কষানো খুব জরুরি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন ভালোভাবে ভেজে নিন। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষাতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে।

ঢাকনা দিয়ে রান্না করলে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেওয়া ভালো, এতে বাষ্প বের হয়ে যায় এবং গন্ধ জমে থাকে না।

সুগন্ধ বাড়ানোর উপায়

গোটা গরম মসলা যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ ব্যবহার করলে গন্ধ কমে এবং খাবারে সুন্দর সুগন্ধ আসে। এছাড়া ধনেপাতা বা পুদিনা পাতা দিলে খাবার আরও ফ্রেশ ও সুস্বাদু হয়।

মাংস সংরক্ষণে সতর্কতা

পুরোনো বা দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস ব্যবহার করলে গন্ধ বেশি হতে পারে। তাই যতটা সম্ভব টাটকা মাংস ব্যবহার করা উচিত। বারবার ডিফ্রস্ট করা মাংস ব্যবহার না করাই ভালো।

Advertisement

কেন গন্ধ হয়?

মুরগির মাংসে আঁশটে গন্ধ সাধারণত ঠিকভাবে সংরক্ষণ না করলে বা দীর্ঘ সময় ফ্রিজে রাখলে তৈরি হয়। এছাড়া বারবার জমিয়ে ও গলিয়ে ব্যবহার করলে গুণগত মান নষ্ট হয় এবং গন্ধ বাড়ে।

সঠিকভাবে কৌশল মেনে চললে মুরগির মাংসের আঁশটে গন্ধ সহজেই দূর করা সম্ভব। একটু সচেতন হলে তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো সুস্বাদু ও সুগন্ধি চিকেনের ডিশ।

সূত্র: দ্য স্প্রু ইটস, এনডিটিভি

আরও পড়ুন: মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায় মসলা ভাজতে গিয়ে পুড়ে যায়? কাজে লাগান এ সব কৌশল 

এসএকেওয়াই