গরমের দিনে রান্নাঘরে বেশি সময় কাটানো সত্যিই কষ্টকর। রান্না কোনোভাবে দ্রুত শেষ হলেও ঝামেলা বাড়ে পরিষ্কার করতে গিয়ে। বাসন মাজা, গ্যাসওভেন মোছা, সিঙ্ক পরিষ্কার করতে সময় ও শক্তি খরচ হয়। তবে কিছু সহজ কৌশল জানলে এই কাজগুলো অনেক দ্রুত ও ঝামেলাহীনভাবে করা সম্ভব।
Advertisement
আসুন জেনে নেওয়া যাক গরমে রান্নাঘর পরিষ্কার রাখার কিছু কার্যকর উপায়-
গ্যাসওভেন পরিষ্কার রাখার সহজ উপায়প্রতিদিন রান্না শেষে গ্যাসওভেন পরিষ্কার করলে ময়লা জমতে পারে না। এজন্য ১ কাপ পানির সঙ্গে ১ চা চামচ বাসন মাজার তরল সাবান মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। রান্না শেষে ওভেনের ওপরে ও নিচে এই মিশ্রণটি স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে তেল-মসলার দাগ সহজেই উঠে যাবে। নিয়মিত করলে আলাদা করে ঘষামাজা করার প্রয়োজনও হবে না।
রাতে পরিষ্কার করুনদিনের শেষে একটি সহজ অভ্যাস আপনার কাজ অনেকটাই কমিয়ে দিতে পারে। আধা কাপ পানি, আধা কাপ সাদা ভিনেগার ও আধা কাপ বেকিং সোডা মিশিয়ে একটি স্প্রে তৈরি করুন। রাতে ঘুমানোর আগে গ্যাসওভেন ও কিচেন স্ল্যাবে এই মিশ্রণটি স্প্রে করে রেখে দিন।পরদিন সকালে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন পুরো রান্নাঘর পরিষ্কার ও চকচকে হয়ে গেছে। একই পদ্ধতিতে সিঙ্কও পরিষ্কার রাখতে পারেন।
Advertisement
রান্নাঘরে যদি কাঠের তাক বা ক্যাবিনেট থাকে, তাহলে সেগুলো পরিষ্কার করতে সাদা ভিনেগার দিন। এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ক্যাবিনেটের ওপর হালকা স্প্রে করুন। এরপর শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন। এতে শুধু ময়লাই দূর হবে না, উজ্জ্বলতাও বজায় থাকবে।
সিঙ্ক পরিষ্কার রাখার উপায়দিনের শেষে সিঙ্ক পরিষ্কার করা খুবই জরুরি। সব কাজ শেষ হলে সিঙ্কে আধা কাপ বেকিং সোডা ছড়িয়ে দিন। তার উপর একটু বাসন মাজার সাবান দিন। আধা ঘণ্টা রেখে স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন, সিঙ্ক একদম পরিষ্কার হয়ে যাবে। এছাড়া সিঙ্কের পাইপ পরিষ্কার রাখতে মাঝে মাঝে একমুঠো বেকিং সোডা বা লবণ ঢেলে তার ওপর গরম পানি ঢেলে দিন। এতে পাইপে জমে থাকা ময়লা ও দুর্গন্ধ দূর হবে।
ছোট অভ্যাসেই বড় সুবিধারান্নাঘর পরিষ্কার রাখা কঠিন কিছু নয়, যদি প্রতিদিন একটু একটু করে যত্ন নেওয়া যায়। রান্না শেষে সঙ্গে সঙ্গে মুছে ফেলা, রাতে সহজ স্প্রে ব্যবহার করা, এই ছোট অভ্যাসগুলোই বড় কাজ সহজ করে দেয়।গরমের দিনে সময় বাঁচাতে ও ঝামেলা কমাতে এই টিপসগুলো মেনে চলুন। দেখবেন খুব কম সময়েই আপনার রান্নাঘর থাকবে ঝকঝকে, আর আপনিও থাকবেন স্বস্তিতে।
সূত্র: দ্য কিচেন, টাইমস অব ইন্ডিয়া
Advertisement
এসএকেওয়াই