জাতীয়

রোহিঙ্গাদের ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি গঠন

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য জাতীয় কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

১৬ সদস্যের এ কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব।

আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক। পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকেও সদস্য করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক ব্যবস্থাপনা এবং প্রত্যাবাসন কার্যক্রমের সমন্বয় করবে এই কমিটি। একই সঙ্গে প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স (এনটিএফ) এবং ভাসানচরে স্থানান্তর কার্যক্রম তদারকি, মূল্যায়ন, পুনঃনিরীক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেবে। রোহিঙ্গা ইস্যুতে গৃহীত সব কার্যক্রমের ওপর নজরদারিও থাকবে তাদের দায়িত্বের মধ্যে।

Advertisement

প্রয়োজনে কমিটি যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। নির্দেশনা অনুযায়ী, প্রতি তিন মাসে অন্তত একটি সভা অনুষ্ঠিত হবে, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সভা আহ্বান করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগ কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি গঠন করা কমিটি বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস

Advertisement