শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল)। এতে অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

Advertisement

এবার সারাদেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। বেলা ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩১ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ/ছবি: জাগো নিউজ

Advertisement

উপাচার্য জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মাঝে ৮ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। ২০২৫ সাল থেকে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

এএএইচ/এমএমকে

Advertisement