আইন-আদালত

শিশু ধর্ষণ-হত্যার আলোচিত মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন

নারী-শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

Advertisement

বুধবার (১০ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন বেঞ্চ গঠনের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর বিচারিক নিষ্পত্তি দ্রুততর করার উদ্যোগের অংশ হিসেবে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) আপিল এবং সংশ্লিষ্ট আবেদন শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রশাসনিক আদেশে জানানো হয়, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের এ বিশেষ বেঞ্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি পরিচালনা করবে।

Advertisement

আদেশ অনুযায়ী, বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে উদ্ভূত মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়, একই রায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি আপিল ও জেল আপিল, এসব আপিল গ্রহণের আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি রিভিশন এবং এ ধরনের বিষয়ে জারি হওয়া রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে এ বেঞ্চ হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনা শুরু করবেন।

বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যখন নারী ও শিশুর বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের মামলাগুলোর বিচারিক বিলম্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এফএইচ/এমকেআর

Advertisement