রাজধানীর রমনা এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন হত্যা মামলায় গ্রেফতার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) রেজাউল করিম সিরাজ, লুৎফর রহমান ও ইসতিয়াক আলী রাকিবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া রিয়াজুল হাসান ও মো. আল আমিন মাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য যথাক্রমে পাঁচ দিন ও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, নিহত বিল্লাল হোসেন রমনা এলাকার আরাফাত মার্কেটে ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, ৮ জুন সন্ধ্যায় সালিশের কথা বলে বিল্লাল হোসেনকে আরাফাত মার্কেটের পেছনের একটি স্থানে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তাকে ঘিরে হামলা চালায়। একপর্যায়ে লোহার রড, ক্রিকেট স্ট্যাম্প ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়।
Advertisement
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় বিল্লাল হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এমডিএএ/এমআইএইচএস
Advertisement