আন্তর্জাতিক

১৪ দফা খসড়া: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে হবে চূড়ান্ত চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত ১৪ দফা সমঝোতা স্মারকের নতুন বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র। এতে ৬০ দিনের চূড়ান্ত আলোচনার সময় ইরানের ২৪ বিলিয়ন ডলারের স্থগিত সম্পদ মুক্তির প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement

শনিবার (১৩ জুন) ইরানের ১৪ দফা খসড়া প্রস্তাব নিয়ে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

সূত্রটির দাবি অনুযায়ী, খসড়ায় নিম্নলিখিত ১৪ টি বিষয় রয়েছে:

১) লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী ও তাৎক্ষণিক সমাপ্তি।

Advertisement

২) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার।

৩) ৩০ দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার।

৪) ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি।

৫) ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা যা ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

Advertisement

৬) তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং ইরানের আর্থিক সম্পদে পূর্ণ প্রবেশাধিকার।

৭) যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা।

৮) পারমাণবিক ইস্যু এবং মার্কিন, জাতিসংঘ ও আইএইএ-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের আলোচনা।

৯) এনপিটি-এর অধীনে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।

১০) আলোচনার সময় নতুন সেনা মোতায়েন বা নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র।

১১) ৬০ দিনের আলোচনার সময় ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল মুক্তি যার অর্ধেক আলোচনা শুরুর আগেই ছাড়তে হবে।

১২) চুক্তি বাস্তবায়ন তদারকির জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠন।

১৩) চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদন।

১৪) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের অর্থনৈতিক পুনর্গঠনই হবে চূড়ান্ত আলোচনার একমাত্র বিষয়; ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয় আলোচনার বাইরে থাকবে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, এই খসড়া এখনো সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কেএম