জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসা মনে করেন, উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ পর্বেই তার ঐতিহাসিক গোলের রেকর্ড ভেঙে যেতে পারে। সাবেক এই স্ট্রাইকারের বিশ্বাস, সম্প্রসারিত বিশ্বকাপের নতুন কাঠামো সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য তার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আদর্শ সুযোগ তৈরি করে দিয়েছে। আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।
Advertisement
২০২৬ বিশ্বকাপ সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে। সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ক্লোসা বর্তমানে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে ২৪ ম্যাচে তিনি করেছেন ১৬টি গোল। তবে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বাড়ায় নিজের দীর্ঘদিনের রেকর্ডটি যে ভাঙতে চলেছে, সেটি মেনে নিয়েছেন এই জার্মান কিংবদন্তি।
নিজের রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে ৪৮ বছর বয়সী নার্নবার্গ কোচ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধার কথা জানান।
জার্মান সংবাদপত্র স্যুডডয়চে জাইটুং-কে তিনি বলেন, ‘আমি আশা করছি, এই টুর্নামেন্টেই আমার রেকর্ড ভেঙে যাবে। বেশি দল মানে বেশি ম্যাচ, আর তাই গোল করার সুযোগও বেশি। আমি আশা করি আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর পর্যন্ত যাবে। এতে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, একদিন না একদিন রেকর্ডটি ভাঙবেই। মেসি চাইলে সেটি ভাঙতে পারেন। আমি মেসির বিশাল ভক্ত, সবসময়ই ছিলাম।’
Advertisement
সাবেক এই জার্মান তারকা মেসির অসাধারণ প্রতিভার প্রশংসা করেন এবং আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, ‘মেসি একজন প্রতিভাবান মহাতারকা। আর আর্জেন্টিনার কোচ স্কালোনির প্রতিও আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমি লাৎসিওতে তার সঙ্গে খেলেছি। সে সময় তিনি আমাকে শহরের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমরা ভালো বন্ধু।’
২০১৪ সাল থেকে ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি অক্ষত রয়েছে। তবে বর্তমান প্রজন্মের সেরা ফরোয়ার্ডরা দ্রুত সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন।
এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপে তার গোলসংখ্যা বর্তমানে ১৩, অর্থাৎ ক্লোসার রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।
Advertisement
অন্যদিকে, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে রেকর্ডটির বড় দাবিদার। বিশ্বকাপে মাত্র ১৪টি ম্যাচ খেলেই তিনি ১২টি গোল করেছেন। ফলে ক্লোসার ঐতিহাসিক কীর্তির জন্য তিনিও বড় প্রতিযোগী হয়ে উঠেছেন।
এমএমআর