ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নিজ নিজ বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার বিস্তার ঘটে। সবাই সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ির আশপাশ পরিষ্কার করি।
Advertisement
নগরবাসীকে খালে ময়লা আবর্জনা ও গৃহস্থলি বর্জ্য না ফেলার জন্যও অনুরোধ জানান ডিএনসিসি প্রশাসক।
শনিবার (১৩ জুন) ডিএনসিসির অঞ্চল-৪ এর আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে পরিবেশবান্ধব বৈদ্যুতিক মানবদেহ চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যত বাধা-বিপত্তি আসুক, ভালো কাজ করবেন বলে জানান ডিএনসিসি প্রশাসক। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান বলেও জানান তিনি।
Advertisement
এসময় প্রশাসক বলেন, দলের যাতে কোনো বদনাম না হয়, দলে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা তাদের পাশে আছি।
প্রশাসক জানান, যারা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডে মানুষের সেবা ও ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে তিনি কাউন্সিলার হওয়ার যোগ্যতা রাখেন এবং তারাই সুপারিশপ্রাপ্ত হবে।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিধনসহ অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
Advertisement
অনুষ্ঠানে প্রশাসক শ্মশান ঘাট কমিটি কর্তৃক দাবিগুলো যৌক্তিক ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য রাখেন। তারা পরিবেশবান্ধব হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানবদেহ চুল্লি প্রকল্প বাস্তবায়নে ডিএনসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।
এমএমএ/এমআইএইচএস