খেলাধুলা

কাতার-সুইজারল্যান্ড ম্যাচে প্রযুক্তিগত সমস্যার স্বীকারোক্তি ফিফার

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার শেষ নেই। ক্লাব ফুটবল থেকে বিশ্বকাপে ম্যাচ, সবখানেই এই সমালোচনা হয়েই থাকে। চলমান বিশ্বকাপে সুইজারল্যান্ড ও কাতারের ম্যাচে ভিএআর প্রযুক্তিতে সাময়িক ত্রুটি দেখা দিয়েছিল বলে ফিফা নিজেই বিষয়টই নিশ্চিত করেছে।

Advertisement

বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) মধ্যরাতে সান ফ্রান্সিসকোর বে অ্যারেনা স্টেডিয়ামে কাতার-সুইজারল্যান্ড ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৪ মিনিটে। প্রতিপক্ষের বক্সে রেলো ফ্রেউলার পড়ে যান কাতারের গোলরক্ষ মাহমুদ আবুনাদার ফাউলে। ফলে পেনাল্টি পায় সুইসরা।

পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার আগে অফসাইড হয়েছিল কি না, তা ভিএআর দুইবার যাচাই করে। শেষ পর্যন্ত বহাল রাখা হয় মাঠের রেফারির সিদ্ধান্ত। ম্যাচ চলাকালে টেলিভিশন সম্প্রচারে এই ভিএআর পর্যালোচনার কোনো ব্যাখ্যা দেখানো হয়নি।

Advertisement

পেনাল্টি থেকে ব্রেল এম্বোলো এগিয়ে নেন সুইজারল্যান্ডকে। পরবর্তীতে ম্যাচের শেষদিকে মিরো মুহেইমের আত্মঘাতী গোলে সমতায় ফেরে কাতার। ম্যাচও শেষ হয় পয়েন্ট ভাগাভাগিতে।

ম্যাচ শেষ হওয়ার তিন ঘণ্টারও বেশি সময় পর ফিফা স্বীকার করে যে ভিএআর পর্যালোচনার সময় একটি ‘সাময়িক প্রযুক্তিগত ত্রুটি’ হয়েছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এই সমস্যার কারণে চূড়ান্ত সিদ্ধান্তে কোনো প্রভাব পড়েনি এবং সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছিল।

বিবৃতিতে ফিফা জানিয়েছে,কাতার-সুইজারল্যান্ড ম্যাচে ১৪তম মিনিটে সুইজারল্যান্ডকে দেওয়া পেনাল্টির আগে অনসাইড অ্যানিমেশন গ্রাফিক তৈরি করতে একটি স্বল্পস্থায়ী প্রযুক্তিগত ত্রুটি বাধা সৃষ্টি করেছিল। তবে দ্রুত সমস্যাটির সমাধান করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এই সমস্যার কারণে ভিএআরের কাজের প্রক্রিয়া ব্যাহত হয়নি। মাঠের সিদ্ধান্ত যাচাইয়ের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মই অনুসরণ করা হয়েছে। পেনাল্টির ঠিক আগে দুটি পরিস্থিতিতে সংশ্লিষ্ট খেলোয়াড়দের অবস্থান পরীক্ষা করতে ভিএআর যে লাইন ব্যবহার করেছে, তাতে আক্রমণভাগের কোনো খেলোয়াড় অফসাইডে ছিলেন না।

Advertisement

আইএন