২০২৬ বিশ্বকাপে ফুটবল বিশ্ব হতে চলেছে এক অদ্ভুত ঘটনার সাক্ষী। জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান এবারের আসরে সর্বকনিষ্ঠ কোচ হিসেবে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন। তবে মজার বিষয় হলো- এবারের বিশ্বকাপে জার্মানির জাতীয় দলের ২৬ সদস্যের তালিকায় এমন খেলোয়াড়ও রয়েছেন, যিনি জুলিয়ান নাগেলসম্যানের চেয়ে বয়সে বড়!
Advertisement
জুলিয়ান নাগেলসম্যানের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০১৫ সালের ২৭ অক্টোবর বুন্দেললিগার ক্লাব টিএসজি হফেনহাইমের হাত ধরে। মাত্র ২৮ বছর বয়সে যখন হফেনহাইম তাকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে, তখন জার্মান মিডিয়া বলেই দিয়েছিলো যে এটি একটি পুরোপুরি পাগলাটে পরিকল্পনা।
তবে পুরো বিশ্বকে অবাক করে ২৮ বছর বয়সী আনাড়ি খেতাব পাওয়া সেই নতুন কোচ হফেনহেইমকে রেলিগেশন জোন থেকে উদ্ধার করে বুন্দেসলিগায় জায়গা পাকাপোক্ত করেন।
এরপর ২০১৮ সালে সেখান থেকে বুন্দেসলিগারই আরেক ক্লাব আরবি লাইপজিগে পাড়ি জমান। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব তার প্রশিক্ষণের জাদুতে ২০১৯-২০ মৌসুমেই প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছায়।
Advertisement
নাগেলসম্যান দুই বছরের মাথায় সেখান থেকে যোগ দেন বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখানেও সাফল্য। বায়ার্নের হয়ে ২০২১-২২ মৌসুমে জেতেন ক্যারিয়ারের প্রথম বুন্দেসলিগা শিরোপা।
এরপর ২০২৩ সালে নাগলসম্যান তার সাংবাদিক প্রেমিকার কাছে ম্যাচের আগেই গেমপ্ল্যান ফাঁস করার অভিযোগে নাগেলসম্যানের সাথে চুক্তি বাতিল করে বায়ার্ন।
তবে বায়ার্ন মিউনিখ তাকে বাদ দিলেও লুফে নেয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেন তিনি।
নাগেলসম্যানের বয়স এখন ৩৮ বছর। অন্যদিকে জার্মানির এবারের বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে অবসর ভেঙে ফিরে আসা কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের বয়স ৪০ বছর!
Advertisement
জার্মানির এই কিংবদন্তি গোলরক্ষক ২০২৪ সালের আগস্ট মাসে অবসরের ঘোষণা দেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে কোচ জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন তিনি।
অবশ্য এই জুটি আগেও একসাথে কাজ করেছে। ২০২১-২২ মৌসুমে নাগেলসম্যান যখন বায়ার্ন মিউনিখের দায়িত্বে ছিলেন, তখন নয়্যারই ছিলেন সেই দলের গোলরক্ষক। নাগেলসম্যানের চেয়ে ২ বছরের বড় নয়্যারের এটি পঞ্চম বিশ্বকাপ আসর।
২০১০ সালে প্রথম বিশ্বকাপ দলে সুযোগ পান এবং সেবার দলকে সেমিফাইনালে তুলতে বিরাট ভূমিকা পালন করেন এই গোলরক্ষক। এরপর ২০১৪ আসরে জার্মানি চ্যাম্পিয়ন হয়, যেখানে ম্যানুয়েল নয়্যারও ছিলেন মূল একাদশের একজন প্রধান সদস্য।
তবে এরপর ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবার পঞ্চম বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা এই গোলরক্ষক।
রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে কোচ নাগেলসম্যান নয়্যারকেই শুরুর একাদশে রাখার প্রতি ইঙ্গিত করেছেন।
এই ম্যাচে জার্মানির বিপক্ষ দল কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। আবার আরেকটি মজার বিষয় হচ্ছে কুরাসাওয়ের ডাগআউটে যিনি দাঁড়াতে যাচ্ছেন সেই ডিক অ্যাডভোকাট এই বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বেশি বয়সী কোচ।
৭৮ বছর বয়সী এই ডাচ কোচ এর আগে নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। কুরাসাওকে নিয়ে এটি হবে তার তৃতীয় ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ অভিযান।
এমএমআর