মাধুরী দীক্ষিত মানেই পর্দায় অনায়াস আভিজাত্য, আর ফ্যাশনের ক্ষেত্রে তার উপস্থিতি যেন আলাদা এক ভাষা। এবারও তার ব্যতিক্রম হলো না। নিজের আসন্ন সিনেমা মা-বেহেন-এর প্রচারণায় হাজির হয়ে তিনি এমন এক শাড়ি লুকে ধরা দিলেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে।
Advertisement
ডেনিম আর শাড়ি-এই দুই ভিন্ন ঘরানার উপাদানকে একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে তার সাম্প্রতিক এই ভাইরাল লুক। আধুনিকতা আর ঐতিহ্যের দারুণ সমন্বয়ে তৈরি এই শাড়িটি যেন একেবারে নতুন প্রজন্মের ফ্যাশন স্টেটমেন্ট।
ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে মাধুরী দীক্ষিত ক্যাপশনে লিখেছেন, ‘কুঁচিতে সৌন্দর্য, মেজাজে জাদু’। আর এই এক লাইনই যেন পুরো সাজের আবহকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে।
শাড়িটির ডিজাইনে ছিল হালকা নীল ডেনিম টোনের ওপর টিস্যু অ্যাপ্লিকের সূক্ষ্ম কাজ। ডিজাইনার ময়ূর গিরোত্রা এই পোশাকে ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক কাট ও টেক্সচারের সঙ্গে এমনভাবে মিশিয়েছেন, যা সহজেই নজর কাড়ে। আগে থেকেই কুঁচি দেওয়া ডিজাইন শাড়িটিকে দিয়েছে নিখুঁত গঠন, আর ভাঁজ করা আঁচলে ফুটে উঠেছে সোনালি, সবুজ ও গোলাপি রঙের ফুলেল এমব্রয়ডারি। পুরো শাড়িটিতে ছিল এক ধরনের রাজকীয় কোমলতা।
Advertisement
এই শাড়ির সঙ্গে মাধুরী বেছে নিয়েছিলেন সিল্কের একটি ব্লাউজ, যা পুরো সাজে ভারসাম্য এনে দেয়। অতিরিক্ত চাকচিক্য এড়িয়ে মিনিমাল অথচ নজরকাড়া গয়নায় নিজেকে সাজিয়েছিলেন তিনি। মুক্তার কাজ করা সোনার চাঁদবালি কানের দুল, একটি আংটি ও সূক্ষ্ম ব্রেসলেট তার লুককে আরও পরিপূর্ণ করে তোলে।
চুলের স্টাইলেও ছিল ক্লাসিক সৌন্দর্যের ছোঁয়া। মাঝখানে সিঁথি করে হালকা ঢেউ খেলানো খোলা চুল তার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করেছে। মেকআপে ছিল ফিউশিয়া লিপ শেড, গোলাপি আভাযুক্ত আই মেকআপ, আইলাইনার, মাসকারা ও ছোট্ট একটি টিপ-যা তার চিরচেনা সৌন্দর্যকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে।
ফ্যাশনপ্রেমীদের কাছে এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত এর সাহসী কনসেপ্ট। ডেনিম সাধারণত ওয়েস্টার্ন পোশাকের অংশ হিসেবেই পরিচিত। কিন্তু সেই ডেনিম যখন শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকে জায়গা করে নেয়, তখন তা শুধু একটি পোশাক থাকে না, হয়ে ওঠে ফ্যাশনের নতুন ভাষা। আর সেই ভাষাকেই অনায়াস আত্মবিশ্বাসে বহন করেছেন মাধুরী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন ‘এভারগ্রিন বিউটি’, কেউ আবার বলেছেন ‘ডেনিম শাড়িতে এতটা এলিগ্যান্ট দেখানো সম্ভব, সেটা শুধু মাধুরীর পক্ষেই সম্ভব’।
Advertisement
জেএস/