উচ্চমানের শিক্ষা, ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ এবং তুলনামূলক কম খরচের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জার্মানি দীর্ঘদিন ধরেই অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে অনেকের ধারণা, জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করা যায়। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন।
Advertisement
জার্মানির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে টিউশন ফি নেই ঠিকই, কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বাধ্যতামূলক ফি দিতে হয়। আবার কিছু রাজ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা টিউশন ফিও চালু রয়েছে। ফলে ‘জার্মানির সব বিশ্ববিদ্যালয় পুরোপুরি টিউশন ফি মুক্ত’ - এই ধারণা পুরোপুরি সঠিক নয়।
জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়ে কি টিউশন ফি নেই?
জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য কোনো টিউশন ফি নেওয়া হয় না। এই সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য নয়, বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য।
Advertisement
তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। যদি কোনো শিক্ষার্থী স্নাতক পর্যায়ে যে বিষয়ে পড়েছেন, স্নাতকোত্তরে সম্পূর্ণ ভিন্ন বিষয়ে পড়তে চান, তাহলে অতিরিক্ত কিছু ফি দিতে হতে পারে।
ব্যতিক্রম বাডেন-ভুর্টেমবার্গ রাজ্য
২০১৭ সালের শেষ দিকে জার্মানির বাডেন-ভুর্টেমবার্গ রাজ্য তাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের শিক্ষার্থীদের জন্য আবার টিউশন ফি চালু করে।
এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অ-ইউরোপীয় শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১৫০০ ইউরো টিউশন ফি দিতে হয়। এর সঙ্গে নিয়মিত সেমিস্টার ফিও যোগ হয়।
Advertisement
তবে ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থী, কিছু শরণার্থী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই ফি থেকে ছাড় পেতে পারেন।
টিউশন ফি না থাকলেও যে খরচগুলো দিতে হয়
অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি না থাকলেও শিক্ষার্থীদের কিছু বাধ্যতামূলক খরচ বহন করতে হয়। এর মধ্যে রয়েছে-
প্রশাসনিক ব্যয়ের জন্য সেমিস্টার ফি, যা সাধারণত প্রতি সেমিস্টারে ১০০ থেকে ৪০০ ইউরোর মধ্যে। শিক্ষার্থী কল্যাণ তহবিল বা স্টুডেন্ট ইউনিয়ন ফি, যার মাধ্যমে ক্যাফেটেরিয়া, আবাসন সহায়তা, কাউন্সেলিং এবং ক্যাম্পাস সুবিধা পরিচালিত হয়। স্বাস্থ্যবিমা ব্যয়। যদিও বৈধ স্বাস্থ্যবিমার প্রমাণ দেখাতে পারলে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।আসুন জার্মানির শীর্ষ ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্র জেনে নিই
মিউনিখ কারিগরি বিশ্ববিদ্যালয়- Technical University of Munich (TUM)
জার্মানির শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা ৩০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা মিউনিখের কারিগরি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে বড় পরিবর্তন এনেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শীতকালীন সেমিস্টার থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।
২০২৬ সালে এখানে স্নাতক পর্যায়ে প্রতি সেমিস্টারে ২০০০ থেকে ৩০০০ ইউরো ও স্নাতকোত্তরে ৪০০০ থেকে ৬০০০ ইউরো পর্যন্ত ফি দিতে হতে পারে।
মিউনিখ জার্মানির সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় ১ হাজার থেকে ১৩০০ ইউরোর মধ্যে হতে পারে। আবাসনের জন্যই অনেককে মাসে ৫০০ থেকে ৭০০ ইউরো ব্যয় করতে হয়।
তবে বিএমডব্লিউ ও গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের কাছে বিশ্ববিদ্যালয়টি এখনো অত্যন্ত আকর্ষণীয়।
লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়- Ludwig Maximilian University of Munich (LMU)
ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ গবেষণা বিশ্ববিদ্যালয় লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় এখনো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেয় না।
শিক্ষার্থীদের কেবল প্রায় ১৬০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে সীমিত গণপরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত থাকে।
তবে মিউনিখে বসবাসের ব্যয় একই রকম। ফলে শিক্ষার্থীদের প্রতি মাসে অন্তত ১০০০ ইউরো প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা বাজেট রাখতে হয়।
বিশ্ববিদ্যালয়টির চিকিৎসাবিজ্ঞান ও আইন বিভাগ বিখ্যাত হলেও সেগুলোর বেশিরভাগ কোর্স জার্মান ভাষায় পড়ানো হয়। তবে অর্থনীতি ও প্রাকৃতিক বিজ্ঞানে ইংরেজি মাধ্যমে স্নাতকোত্তর কোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে।
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়- Heidelberg University
১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়।
২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১৫০০ ইউরো টিউশন ফি দিতে হয়। ফলে বছরে মোট ৩০০০ ইউরো খরচ হয়।
মাসিক জীবনযাত্রার ব্যয় ৯০০ থেকে ১ হাজার ইউরোর মধ্যে।
স্নাতক পর্যায়ের অধিকাংশ কোর্স জার্মান ভাষায় হলেও বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক অনেক স্নাতকোত্তর কোর্স ইংরেজিতে পড়ানো হয়।
হামবোল্ট বিশ্ববিদ্যালয়- Humboldt University of Berlin (HU Berlin)
বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয় মানবিক, আইন ও সমাজবিজ্ঞান বিষয়ে বিশেষভাবে পরিচিত। ২০২৬ সালে এখানে কোনো টিউশন ফি নেই। তবে প্রায় ৩১৫ ইউরো সেমিস্টার ফি দিতে হয়।
এই ফি’র মধ্যে ‘সেমিস্টার টিকিট’ অন্তর্ভুক্ত থাকে, যা দিয়ে বার্লিনের গণপরিবহনে সীমাহীন যাতায়াত করা যায়।
বার্লিনে মাসিক জীবনযাত্রার ব্যয় সাধারণত ৮৫০ থেকে ১ হাজার ১০০ ইউরোর মধ্যে।
ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন- Free University of Berlin (FU Berlin)
রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়েও কোনো টিউশন ফি নেই। তবে প্রতি সেমিস্টারে প্রায় ৩১৫ ইউরো ফি দিতে হয় ও এর মধ্যেও পরিবহন পাস অন্তর্ভুক্ত থাকে।
বিশ্ববিদ্যালয়টিতে ইংরেজি মাধ্যমে বিপুলসংখ্যক স্নাতকোত্তর কোর্স রয়েছে।
আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়- RWTH Aachen University
যন্ত্রকৌশল ও অটোমোবাইল প্রকৌশলের জন্য জার্মানির অন্যতম সেরা প্রতিষ্ঠান এটি।
এখানে কোনো টিউশন ফি নেই। ২০২৬ সালে সেমিস্টার ফি প্রায় ৩০০ ইউরো।
বেলজিয়াম ও নেদারল্যান্ডস সীমান্তের কাছে অবস্থিত আখেনে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম। অনেক শিক্ষার্থী মাসে ৭৫০ থেকে ৯৫০ ইউরোর মধ্যে খরচ সামলাতে পারেন।
কার্লসরুহে প্রযুক্তি ইনস্টিটিউট- Karlsruhe Institute of Technology (KIT)
এটিও একটি শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যে অবস্থিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১ হাজার ৫০০ ইউরো টিউশন ফি দিতে হয়। এছাড়া প্রায় ২০০ ইউরো সেমিস্টার ফিও রয়েছে।
কার্লসরুহেতে মাসিক ব্যয় সাধারণত ৮০০ থেকে ৯৫০ ইউরো।
বন বিশ্ববিদ্যালয়- University of Bonn
গণিত ও অর্থনীতির জন্য বিশ্বজুড়ে পরিচিত বন বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নেই। তবে প্রতি সেমিস্টারে প্রায় ৩০০ ইউরো ফি দিতে হয়।
এখানে মাসিক জীবনযাত্রার ব্যয় ৭৫০ থেকে ৯৫০ ইউরোর মধ্যে।
ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়- University of Freiburg
পরিবেশ ও টেকসই উন্নয়নবিষয়ক গবেষণার জন্য পরিচিত ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ও বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যে অবস্থিত। ফলে অ-ইউরোপীয় শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১৫০০ ইউরো টিউশন ফি দিতে হয়। এছাড়া প্রায় ১৮০ ইউরো সেমিস্টার ফি রয়েছে।
ফ্রাইবুর্গে মাসিক জীবনযাত্রার ব্যয় ৮০০ থেকে ১ হাজার ইউরোর মধ্যে।
হামবুর্গ বিশ্ববিদ্যালয়- University of Hamburg
জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহরে অবস্থিত হামবুর্গ বিশ্ববিদ্যালয় জলবায়ুবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও অর্থনীতির জন্য বিশেষভাবে পরিচিত।
২০২৬ সালে এখানে কোনো টিউশন ফি নেই। শিক্ষার্থীদের প্রায় ৩৪০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে পুরো হামবুর্গ মহানগর এলাকার গণপরিবহন পাস অন্তর্ভুক্ত।
এখানে মাসিক ব্যয় সাধারণত ৮৫০ থেকে ১১০০ ইউরো।
আরও কিছু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ফি
স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়অবস্থান: বাডেন-ভুর্টেমবার্গআন্তর্জাতিক শিক্ষার্থী: প্রতি সেমিস্টারে ১ হাজার ৫০০ ইউরো টিউশন ফি + সেমিস্টার ফিইউরোপীয় শিক্ষার্থী: ১৫০ থেকে ২০০ ইউরো সেমিস্টার ফি
কোলন বিশ্ববিদ্যালয়অবস্থান: নর্থ রাইন-ভেস্টফালিয়াআন্তর্জাতিক ও ইউরোপীয় শিক্ষার্থী উভয়ের জন্য: ৩০০ থেকে ৩৫০ ইউরো সেমিস্টার ফি
বাস্তবতা তাহলে কী?
উপরের তথ্য বলছে, জার্মানির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়মিত টিউশন ফি নেই। তবে সেমিস্টার ফি প্রায় সব শিক্ষার্থীকেই দিতে হয়।
অন্যদিকে, বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ও মিউনিখ কারিগরি বিশ্ববিদ্যালয়ের মতো কিছু প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু করেছে।
ফলে জার্মানির সব বিশ্ববিদ্যালয় পুরোপুরি টিউশন ফি ফ্রি- এমন দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মূল খরচ কম হলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে টিউশন ফি, সেমিস্টার ফি এবং জীবনযাত্রার ব্যয় এখনো গুরুত্বপূর্ণ আর্থিক বিবেচ্য বিষয়।
সূত্র: মাস্টার্স পোর্টাল, লিপ স্কলার
এসএএইচ